Logo
Logo
×

সারাদেশ

এক রাতেই বন্যায় তলিয়ে গেল সিলেটের পাঁচ উপজেলা

Icon

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১০:১০ পিএম

এক রাতেই বন্যায় তলিয়ে গেল সিলেটের পাঁচ উপজেলা

সিলেটে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিন লাখ মানুষ। আর গতকাল বুধবার রাতে তলিয়ে গেছে পাঁচ উপজেলা। সিলেটে গত ২ বছরের মধ্যে এ বছরের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বুধবার থেকেই সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ছিল বিপদসীমার ওপরে ছিল। আজ বৃহস্পতিবার আরো পানি বাড়ছিল। এতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে বন্যাকবলিত এলাকার মানুষদের উদ্ধার অভিযানে নামার প্রস্তুতি নিয়েছে সেনাবাহিনী। আর পানিবন্দিদের জন্য জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নৌকার অভাবে তারা আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না। ঢলে নদী রক্ষা বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সিলেটের উজানে অবস্থান ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের। এসব রাজ্যের ভারি বৃষ্টি হলে বৃষ্টির পানির ঢল সিলেটের দিকে নেমে আসে। বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপরে ও কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে ২০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কানাইঘাটে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

সীমান্তবর্তী পাঁচ উপজেলার সব ইউনিয়ন প্লাবিত হয়েছে জানিয়ে সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল বলেন, ‘তিন লাখের মতো লোক বন্যায় আক্রান্ত হয়েছেন।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ উপজেলার মধ্যে গোয়াইনঘাটে ৫৬টি, জৈন্তাপুরে ৪৮টি, কানাইঘাটে ১৮টি, কোম্পানীগঞ্জে ৩৫টি ও জকিগঞ্জে ৫৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে অনেক সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। বন্যার কারণে জাফলং, সাদাপাথরসহ কয়েকটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের আপাতত না আসার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন, লেঙ্গুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং, মধ্য জাফলং ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়। এসব উপজেলার অনেক বাসিন্দাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন, তবে গবাদি পশু আর গোয়ালের ধান নিয়ে বিপাকে পড়েন অনেকে।

কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন, কানাইঘাট সদর, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরিন জানান, আকস্মিক ঢল ও বৃষ্টিপাতের কারণে সুরমা ও লোভা নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়। এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত।

এদিকে বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের ইউএনও সুনজিত কুমার চন্দ সাক্ষরিত আদেশে বলা হয়, ‘ধলাই নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি হওয়ায় ও পর্যটনকেন্দ্রসমূহ পানিতে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো।’

সিলেটে বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘চলতি মাসের ৩০ দিনে সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। অথচ গত বছর মে মাসে বৃষ্টি হয়েছিল ৩৩০ মিলিমিটার। ‘আগামী তিন দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন জানান, আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সব ইউএনওকে সার্বক্ষণিক তদারকির নির্দেশনা দেয়া হয়েছে। পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী প্রস্তুত; প্রয়োজন হলেই তৎপরতা শুরু হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন