কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহক হয়েছে আরো ১৫ জন। আজ শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
আহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত ফিরোজ (৪০), মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০) ও মনিরের (৩০) নাম জানা গেছে। তাঁদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুজনের পরিচয় পাওয়া গেছে।
