বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (১২ মে) সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে আবুল কালাম বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। তিনি সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করেন। এসময় আবুল কালামের আরাকান আর্মির এক সদস্যর সাথে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁর মাথায় গুলি করেন ওই আরাকান আর্মির সদস্য। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ আনার চেষ্টা চলছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আবুল কালাম হয়তো চোরাকারবারি ছিলেন। না হলে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে কেন যাবেন?
