Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজ সেলিমকে পাওয়া গেল মিল্টনের আশ্রমে, পেটে কাটা দাগ

Icon

প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:৫৯ এএম

নিখোঁজ সেলিমকে পাওয়া গেল মিল্টনের আশ্রমে, পেটে কাটা দাগ

আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমে প্রায় ছয় মাস ধরে নিখোঁজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়ার সন্ধান মিলেছে। পরে ফেরত আনা হয়েছে তাকে। সেলিমের পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, মিল্টন সমাদ্দার সেলিমের কিডনি বিক্রি করে দিয়েছেন। সেলিম উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশি গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

স্বজনেরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে প্রচারিত ভিডিও দেখে তাঁরা সেলিমকে চিনতে পারেন। পরে ঈশ্বরগঞ্জ থেকে স্বজনেরা ঢাকায় গিয়ে মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রয়কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

এদিকে দীর্ঘদিন পর সেলিমকে পেলেও ছেলের অসুস্থায় কান্নায় ভেঙে পড়েছেন মা রাবিয়া খাতুন। তিনি বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হলেও সুস্থ ছিল। এখন সে খুবই অসুস্থ। তার কিডনি নিয়ে গেছে আশ্রয়দাতারা। এ সময় তিনি সেলিমের পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন দেখান।

সেলিমের ছোট ভাই মাহিন মিয়া বলেন, ভাইকে নিয়ে আসার সময় ফাউন্ডেশনে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দিতে হয়েছে। বাড়িতে আনার পর ভাইয়ের পেটের ডান পাশে অস্ত্রোপচারের বড় দাগ দেখে তাঁরা সন্দেহ করছেন, ভাইয়ের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গহানি হতে পারে। তিনি বলেন, ‘আমরা হতদরিদ্র পরিবার। অর্থের অভাবে এখন ভাইয়ের অঙ্গহানি হয়েছে কি না, তা পরীক্ষা করতে চিকিৎসকের কাছে যেতে পারছেন না।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, পরিবারের লোকজনকে সেলিমের চিকিৎসা ও কিছু পরীক্ষা করার জন্য বলে দেওয়া হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে কিডনি বিক্রি করা হয়েছে কি না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন