কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে গলা কেটে হত্যা
প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৮:৫৮ পিএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নুর কামাল (২৯) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে উপজেলার কুতুপালং ক্যাম্প-১৮-এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
ওসি শামীম হোসেন বলেন, নূর কামাল সকালে ঘুম থেকে উঠে ক্যাম্পে নিজের এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসার) ১০/১৫ জন অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যান। পরে পাশের ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে গলাকেটে হত্যার পর পালিয়ে যান তারা।
ওসি আরো বলেন, পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
