কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নুরুল আলমের উঠান বৈঠক লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নুরুল আলম। তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ি নিয়ে সাবেক এমপি বদি ঘটনাস্থলে যান। তার সঙ্গে গাড়ি নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমেদসহ আরও লোকজনও সেখানে যান। সেখানে তাদের সঙ্গে নুরুল আলমের কথা-কাটাকাটি হলে বদি ফাঁকা গুলি ছোড়েন। এ সময় জাফরের হাতেও অস্ত্র ছিল।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচনী এলাকা পশ্চিম মহেশখালীয়া পাড়া আমার একটি উঠান বৈঠকে ছিল। হঠাৎ সেখানে সাবেক এমপি বদি তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাফর আলমকে সঙ্গে নিয়ে আসেন। পরে সেখানে কথা-কাটাকাটি হয়। এ সময় বদি ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন। ভয়ে আমার সমর্থকরা পালিয়ে যান। এরপর আমি জাতীয় জরুরি সেবা-৯৯৯- এ কল দিই। আমি এ ঘটনায় থানায় অভিযোগ করবো। আমার সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে কেউ যাতে কাজ না করে। আমার জনপ্রিয়তা বদি মেনে নিতে পারছেন না।’
তবে অভিযোগ অস্বীকার চেয়ারম্যান প্রার্থী জাফর আলম। তিনি বলেন, ‘নুরুল আলম আমার এক সর্মথককে ধরে নিয়ে যান। খবর পেয়ে আমি আর বদি ভাই সেখানে যাই।’
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি অনুষ্ঠানে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা শুনেছি। ঘটনাটি শোনার পরে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে সাবেক এমপি আবদুর রহমান বদির মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়, তবে তিনি কল রিসিভ করেননি।
