Logo
Logo
×

সারাদেশ

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

Icon

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৪:৩৩ এএম

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

বজ্রপাতে একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনের।  এ ছাড়া সিলেটের একজনের মৃত্যু হয়েছে। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহের পর চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেটে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। আর বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি আস্তে আস্তে সারাদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমার মধ্যেই এসেছে বজ্রপাতে প্রাণহানির খবর। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে মৃত্যুও অব্যাহত রয়েছে। বজ্রপাতে বৃহস্পতিবার রাঙ্গামাটিতে তিনজন, কক্সবাজারের পেকুয়ায় দুজন, কুমিল্লায় চারজন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক স্কুলছাত্র ও সিলেটের কানাইঘাটে একজনের মৃত্যু হয়েছে। 

এর আগে গত ৩০ এপ্রিল যশোরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি। 

এদিকে আজ অনেক অঞ্চলে বৃষ্টি হলেও গরম কমার বিষয়ে অবশ্য সুখবর জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। তবে এ মাসেই কোথাও কোথাও বয়ে যেতে পারে এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ। মাসজুড়েই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। 

অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, মে মাসে স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। তবে তা এপ্রিলের মতো এত দীর্ঘ সময় ধরে থাকবে না। মে মাসে তিন থেকে পাঁচ দিন হালকা ধরনের কালবৈশাখী হতে পারে। দুই থেকে তিন দিন হতে পারে বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি এবং তীব্র কালবৈশাখী। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া থাকতে পারে শুষ্ক। ১০ মের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বিভিন্ন স্থানে বজ্রপাতে ১১ প্রাণহানি

কুমিল্লার বুড়িচং, দেবিদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় বজ্রপাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বুড়িচং উপজেলার পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের আলম হোসেন (২০), দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮), সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০) ও চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের দৌলতুর রহমান (৪৭)। এ ছাড়া কক্সবাজারের পেকুয়ায় এদিন বজ্রপাতে মারা যান ২ লবণশ্রমিক। 

রাঙামাটির সদর ও বাঘাইছড়ি উপজেলায়ও বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ৭ জন আহত হন। সদর উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মারা যান বাহারজান বেগম (৫৭) নামে এক বৃদ্ধা। সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ায় ঘরের ওপর বজ্রপাতে মারা যান তনিবালা ত্রিপুরা (৩৭) নামে এক নারী। এ ছাড়া রাঙামাটি শহরের তবলছড়ির সিলেটি পাড়ায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন মো. নজির (৫০) নামে আরও এক ব্যক্তি। এ দিন সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতে ৭ জন আহত হন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় সকালে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সিলেটের কানাইঘাট উপজেলায় দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের হাওরে দুপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান বাবুল আহমদ (৪৮) নামে এক কৃষক। আহত হন আরও দুজন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন