যশোর কেন্দ্রীয় কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ হাজতি আহত হয়েছেন। আর তাদের ঠেকাতে গিয়ে দুই কাররক্ষী আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা কারা উপমহাপরিদর্শক অসীম কান্ত পাল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পুরোনো কোন্দলের জেরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। তবে ঘটনার পর কারা কর্তৃপক্ষ দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কারা সূত্র জানায়, কারা অভ্যন্তরে নিউজেল এলাকার সামনে হাজতি 'ভাইপো' রাকিব ও সম্রাটের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার শরিফুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন সাজ্জাদ হোসেন বলেন, দুজন কারারক্ষী ও ছয়-সাতজন হাজতিকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত। সবাই সুস্থ আছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি ঘটনাটি সামান্য ব্যাপার বলে দাবি করেন। তিনি বলেন, আকস্মিকভাবে একজন কারারক্ষী অ্যালার্ট হুইসেল বাজিয়ে ফেলায় বিষয়টি বড় আকারে রূপ নেয়। যশোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে শহরের বেশ কয়েকজন দাগি সন্ত্রাসী রয়েছেন। তাদের মধ্যে ভাইপো রাকিব ও সম্রাট অন্যতম। দুটি গ্রুপের সদস্যদের বাইরেই কোন্দল ছিল। আর কারারক্ষীদের উপর হামলা চালানো হয়নি। তাড়াহুড়ো করে কারাগারের ভেতরে প্রবেশ করতে গিয়ে তারা আহত হয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি কারাগারে দুজন কারারক্ষীর মধ্যে ডিউটিরত অবস্থায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তার রেশ কাটতে না কাটতেই কারা অভ্যন্তরে হাজতিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটলো।
