তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ ছুটি ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সেই ছুটি শেষে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে। নতুন করে আর ছুটি বাড়ছে না। তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া ২৮ এপ্রিলের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান বলেন, স্কুল খোলা-বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অনুসরণ করা হয়। মাধ্যমিক স্কুল যেহেতু খোলার সিদ্ধান্ত নিয়েছে, তাই প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে জানানো হবে।
এর আগে ২০ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল। তীব্র দাবদাহের কারণে কাগজপত্রে আজ বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ার কথা থাকলেও আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এক সপ্তাহ ছুটির পর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। ওই দিন থেকে শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি না সে বিষয়ে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। তিনি বলেন, 'তাপমাত্রার কথা তো বলা যায় না। আপডাউন হয়। আমাদের দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি, দেখে তারপর সিদ্ধান্ত নেব।' আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা বাড়তে পারে। শিক্ষামন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে।
