চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাজুল ইসলাম জেলার রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার বাসিন্দা।
এদিকে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে তৃতীয় দিনেও উত্তাল ছিল চুয়েট। বুধবার সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো আবারও সড়ক অবরোধ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টার দিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে চুয়েটের সামনের সড়কে অবস্থান নেন তারা।
গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়ার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় চুয়েট পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইনের মৃত্যু হয়। এতে আহত হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া হিমু। প্রতিবাদে ওইদিন বাসে আগুন দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে আমরা পুনরায় আলোচনা করব এবং ফলপ্রসূ সিদ্ধান্তে আসার ব্যবস্থা করব।
শিক্ষার্থীদের ১০ দফা দাবি
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পলাতক চালক ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ শাহ আমানত পরিবহন কর্তৃপক্ষকে বহন করা, ক্যাম্পাসে আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপন, আধুনিক সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানো, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত ও এবি ট্রাভেলসসহ সব লোকাল বাস চলাচল বন্ধ রাখা, কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত ছয় লেন মহাসড়ক করা, প্রতিটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র এবং চালকদের লাইসেন্স নিয়মিত যাচাই, ছাত্রকল্যাণ পরিষদকে জবাবদিহির আওতায় আনা এবং ছাত্র প্রতিনিধি দল গঠন করা।
