কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরার সময় দুই জেলেকে গুলি করেছে মিয়ানমারের নৌবাহিনী। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় তাদের গুলি করা হয়। গুলিবিদ্ধ দুই বাংলাদেশি হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল। ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরা শেষে মোহাম্মদ ও ইসমাইল ট্রলার নিয়ে নাফ নদ হয়ে কূলে ফিরছিলেন। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তারা দুজন জেলে গুলিবিদ্ধ হন।
ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন, সেন্টমার্টিনসংলগ্ন সাগরে মাছ ধরা শেষে যখন শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমাদের দুজন জেলে গুলিবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম। আমরা হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা তোয়াক্কা করেনি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, গুলিবিদ্ধ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এরমধ্যে ইসমাইল সামান্য আহত ছিল। তাকে এখােনই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ফারুকের ৩টি গুলি লেগেছে।তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
