Logo
Logo
×

সারাদেশ

তীব্র গরম: চু্য়াডাঙ্গা ও পাবনায় তিনজনের মৃত্যু

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ এএম

তীব্র গরম: চু্য়াডাঙ্গা ও পাবনায় তিনজনের মৃত্যু

দেশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এ কারণে তিন দিনের হিট এলার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত তাপপ্রবাহ অসুস্থ হয়ে পড়ছে মানুষ। জনজীবন হচ্ছে বিপর্যস্ত। এদিকে অতিরিক্ত তাপপ্রবাহ অসুস্থ হয়ে চুয়াডাঙ্গায় দুজন ও পাবনায় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে তারা 'হিটস্ট্রোকে' মারা গেছেন কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, চুয়াডাঙ্গা জাকির হোসেন নামে একজন সকালে জেলার দামুড়হুদায় মাঠে কৃষিকাজ করার সময় মারা গেছেন। তার বাবা আমির হোসেন জানান, জমিতে সেচ দেওয়ার জন্য জাকির সকাল ৭টার দিকে মাঠে গিয়েছিল জাকির । মাঠে যাওয়ার ঘণ্টাখানেক পর খবর পান তার ছেলে মাঠে স্ট্রোক করেছে। পরে কৃষকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই উপজেলার বাসিন্দা দামুড়হুদা ইউনিয়ন পরিষদ পাড়ার আজিম উদ্দীনের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি বেলা ৩টার দিকে অত্যধিক গরমে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, জাকির ও মর্জিনা নামে দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তিনি তাদের মৃত্যুর কারণ জানাতে পারেননি।

এদিকে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় মারা গেছেন সুকুমার দাস। শনিবার দুপুরে শহরের রুপকথা রোডে একটি দোকানে বসে চা পানরত অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুকুমার দাস শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা। 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল হাসান বলেন, 'হাসপাতালে আনার আগেই সুকুমার দাসের মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় আমরা ধারণা করছি যে, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।' সুকুমার  হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কী না জানাতে পারেননি তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন