ফরিদপুরের মধুখালীতে মন্দিরে প্রতিমায় আগুন দিয়েছে সন্দেহে পিটুনিতে দুজনের নিহত হওয়ার ঘটনায় এরই মধ্যে ১০ জনকে আটক করা হয়েছে। সেখানকার পরিস্থিতি থমথমে। মোতায়েণ রয়েছে বিজিবি ও অতিরিক্ত পুলিশ। আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি নিহতদের বাড়িতেও গিয়েছিলেন। আসলে কী ঘটেছিল সেখানে, সেটাই এখন সবার মনে প্রশ্ন।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, মন্দিরটিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যা বাতি দেওয়া হয়েছিল। পরে প্রতিমায় আগুন ও দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। কারা সেখানে আগুন দিয়েছিল সেটি জানতে তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এর মধ্যেই দশ জনকে আটক করা হয়েছে।
নিহত দুই শ্রমিক আশরাফুল (২১) ও আশাদুল (১৫) আপন দুই ভাই। তাদের চাচাতো ভাই ইমরান খান বলেন, ‘এটি কোনো গণপিটুনির ঘটনা নয়। এটি পরিকল্পিত খুন। একটি রুমে কয়েকজনকে বেধে লাঠি, ইট ও রড দিয়ে পেটানো হয়েছে। আমি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করছি। পুলিশ বলছে, দুজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন যাদের আটক করা হয়েছে তারা সেখানকার হিন্দু সম্প্রদায়ের।
ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা বাতি দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পর প্রতিমায় আগুন ও এর জের ধরে কয়েকজনের ওপর হামলা হলে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় সাংবাদিক পান্না বালা বিবিসিকে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা তাকে জানান, প্রতিদিন সন্ধ্যায় ওই মন্দিরে সন্ধ্যা বাতি জ্বালানোর কাজটি করে মালতী মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে তিনি প্রদীপ নিয়ে মন্দিরে গিয়েছিলেন। ওদিকে ওই মন্দির লাগোয়া স্কুলের শৌচাগার নির্মাণের জন্য পাশেই কয়েকদিন ধরে কাজ করছিলেন একদল শ্রমিক। তাদের বাড়ি অন্য এলাকায়। পুরো এলাকাটিতেই হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। আর আশেপাশে তেমন কোনো মুসলিম বসতি নেই। ফলে সন্ধ্যার পর প্রতিমায় আগুনের খবর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে পড়লে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অন্যদিকে তখন মন্দিরের পাশের স্কুলে ছিলেন নির্মাণ শ্রমিকরা। সেখানে চারজন নির্মাণ শ্রমিক, একজন রডমিস্ত্রী, একজন শ্রমিক সর্দার এবং আরেকজন নসিমন চালক ছিলেন। সন্ধ্যার পরপরই প্রতিমায় আগুনের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে লোকজন জমায়েত করে কাছেই থাকা শ্রমিকদের ধরে নিয়ে মারধর করতে থাকে। এ সময় তারা একটি নসিমন পুড়িয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েকজন। কিন্তু তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইউএনও এবং থানার ওসিকে জানান। তারাও ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আরও পুলিশ গিয়ে ফাঁকা গুলি করে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে রাতেই দুজনের মৃত্যু হয়।
রাতেই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। ওই ঘটনাটি পাশের ওই শ্রমিকেরা ঘটিয়েছে এমন ধারণার বশবর্তী হয়েই তাদের ওপর হামলার ঘটনা হতে পারে বলে তিনি জানান। তিনি বলেন, কারা হামলায় জড়িত সেটি তদন্তে বেরিয়ে আসবে।
শুক্রবার রাতে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, পিটিয়ে মারার ঘটনায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন তাকে আটক করা হয়েছে। তবে তিনি তার নাম পরিচয় প্রকাশ করেননি। এ ঘটনায় মোট তিনটি মামলা হবে। এর একটি হবে মন্দিরে অগ্নি সংযোগের অভিযোগে, দ্বিতীয়টি হবে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগে এবং তৃতীয়টি হবে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে।
ওদিকে আহত শ্রমিকদের মধ্যে দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর একজন ফরিদপুরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যে দুই ভাই মারা গেছে তারা হলেন মধুখালীর নওপাড়া ইউনিয়নের শাজাহান খানের ছেলে আশরাফুল খান ও তার ভাই আসাদুল খান। শুক্রবার তাদের দাফন করা হয়।
