মিনতির সংগ্রাম ও প্লাস্টিকের থাবায় হারাতে বসা বাঁশ শিল্পের গল্প
উত্তরাঞ্চল প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ এএম
বাংলা দিনপঞ্জি অনুসারে ধান কাটার মাস বৈশাখ শুরু হলেও উত্তরাঞ্চলে ধান পাকার এখনো ঢের দেরি। ঋতু বৈচিত্র্যের কারণে রাতে শীতল অনুভূতি। তবে সকালে ঠিকই তেঁতিয়ে উঠছে রোদ। এই রোদের মধ্যেই বাজারের ব্যস্ত সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন ৬০ ছুঁই ছুঁই মিনতি রাণী। তার চারপাশে বাঁশের তৈরি ডালা-কুলাসহ হরেক পণ্য। মাঝখানে মিনতি বসেছেন পাক্কা দোকানির মতো। বেলা ১১টার দিকে চৈত্রের রোদ মিনতির কালো বাঁধানো শরীরে পড়ে যেন ঝিলিক দিচ্ছে। কপালে জমেছে ঘাম।
সেখানে টুকটাক কথা সেরে মিনতিকে চায়ের আমন্ত্রণ জানাই পাশের পর্দা ঝোলানো দোকানে। তেমন কোনো সংকোচ নাই। পিছু পিছু চলে আসেন তিনি। তারপর দোকানের ভেতরে বসে কথা হয় তার ব্যবসার হালচাল নিয়ে।
মিনতি শোনালেন বছর দশেক আগের গল্প। একজন গৃহিনী থেকে উদ্যোক্তা কিংবা পাক্কা ব্যবসায়ী হলেন যেভাবে। স্বামী মাছের ব্যবসা করতেন। কিন্তু সে ব্যবসায় বেশ ঝুঁকি। সময়মতো না বিক্রি হলে মাছ পঁচে যায়। কখনো কখনো লোকসান দিয়েও বিক্রি করতে হয় মাছ। তাই স্বামীকে পরামর্শ দেন বাঁশের তৈরি জিনিশপত্রের ব্যবসা করতে। নিজের হাতে তৈরি পণ্যের পাশাপাশি বিভিন্ন জনের কাছ থেকে কিনবেন পণ্য। তাতে রাজি হন স্বামী বিবেক রায়। সেখানেই এই ব্যবসার শুরু।
প্রথমে এনজিও থেকে কিছু টাকা লোন নেন। নিজেদের হাতে বোনা কুলা, ডালা, ঝুড়ি, খালুইর সঙ্গে যোগ করেন আরো কিছু পণ্য। তারপর তা নিয়ে বিভিন্ন বাজারে নিয়মিত ব্যবসা শুরু। ধানের মৌসুমে সেসব পণ্যের ব্যাপক বিক্রি হয়। ব্যবসা বলা যায় রমরমা। উত্তরের কৃষি প্রধান এ অঞ্চলে বছরের পুরোটা সময়ই কোনো না কোনা পণ্য থাকে কৃষকের বাড়িতে। তাই এইসব জিনিসপত্রের ব্যাপক চাহিদা। মিনতি ও তার স্বামীর ব্যবসায় ব্যস্ততা বেড়ে যায়। সপ্তাহে আশপাশের চারটি হাট করেন তারা।
এর মধ্যে রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বিখ্যাত নেকমরদের হাট। এছাড়া কাতিহার, যাদুরাণী ও পীরগঞ্জের হাটেও পণ্য নিয়ে যান তারা। সপ্তাহে চারদিন চারটি হাট করতে গিয়ে পুরো সপ্তাহই তাদের ব্যস্ত থাকতে হয়। বলা যায় পুরো দস্তুর ব্যবসায়ী দম্পতি তারা। তাদের দোকানে ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যেই সব ধরনের পণ্য পাওয়া যায়।
চায়ের দোকানে মিনতিকে জানালাম তার যা খুশি খেতে পারে। আমার এই প্রস্তাবে তার মুখের অভিব্যক্তির কিছুটা পরিবর্তন হলো। বুঝলাম কিছুটা সংকোচবোধ করছেন মিনতি। তাই নিজে গিয়ে এক প্লেট বুন্দিয়া ও বড় সাইজের গজা আর দুধ চা অর্ডার করলাম। খেতে খেতে মিনতি জানালেন সকালে নাস্তা করা হয়নি। এটাই তার সকালের নাস্তা। বলেন তো, খালি পেটে এতো বেলা পর্যন্ত থেকে এই কড়া রোদের মধ্যে বসে থাকি তারপরও যদি সারাদিন ২ হাজার টাকা বেচা-বিক্রি না হয় তাহলে কেমন লাগে?
মিনতি জানালেন ধীরে ধীরে তাদের ব্যবসা কমতে শুরু করেছে। আমার মতো অনেকেই আসে। তাদের ভিডিও করে নিয়ে যায়। তারা বলে, ভিডিওতে কথা বললে ব্যবসা নাকি বাড়বে। কিন্তু আমার মনে হয় কথা বলার পর থেকে বিক্রি আরো কমছে-বললেন মিনতি।
তার মুখে কথাগুলো শুনে মনে হলো এই হাসিখুশি মুখের আড়ালে মিনতির আরেকটা গল্প লুকিয়ে রয়েছে। জানতে চাইলাম ব্যবসা খারাপ হওয়ার পেছনে কি কারণ আছে বলে আপনার মনে হয়-
প্লাস্টিক পণ্য খেয়ে ফেলছে এ শিল্পকে:
মিনতি রাণীর মতে, আগে মানুষ এই শিল্পের প্রতিটি পণ্যই নিজের বলে ব্যবহার করতো। ধানের মৌসুমে মানুষ লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনতেন। আর এখন সেখানে আমরাই ক্রেতা টানতে তাদের টানাটানি করি। তার মতে, প্লাস্টিক কোম্পানিগুলো সব ধরনের পণ্য তৈরি করছে। সহজে নষ্ট হয় না বলে সাধারণ মানুষ সেগুলো কিনছে। তার কথায় প্লাস্টিক পরিবেশ ও শরীরের জন্য ক্ষতিকর জেনেও শিক্ষিত মানুষগুলোই প্লাস্টিকে আসক্ত হচ্ছে।
মিনতির ভাষ্য- সরকার যদি কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে প্লাস্টিক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ না করে তাহলে আমরা টিকে থাকতে পারবো না। আপনারা পারলে প্লাস্টিক কোম্পানিগুলোর বিরুদ্ধে কিছু করুন-যোগ করেন তিনি।
কমছে বাঁশঝাড়,বাড়ানো হচ্ছে আবাদি জমি:
কৃষি প্রধান উত্তরাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা ঠাকুরগাঁও। এখানকার মাটি ও আবহাওয়া বাঁশ চাষের জন্য উপযোগী। জেলার পাঁচটি উপজেলায় বরাক বাঁশ,মুলি বাঁশ ও রেঙ্গুনি বাঁশসহ বিভিন্ন জাতের বাঁশ জন্মে। তবে সাম্প্রতিক সময়ে পুরনো বাঁশ ঝাড় তুলে ফেলে আবাদি জমি বানানোর প্রবণতা বেশ লক্ষণীয়। স্থানীয় কৃষক আহম্মদ আলী জানান, বাঁশের চেয়ে অন্যান্য ফসল অধিক লাভ জনক হওয়ায় নতুন করে তেমন কেউ বাঁশ চাষে আগ্রহী হচ্ছে না।
তবে এ জেলায় কি পরিমাণ জমিতে বাঁশের চাষ হয় সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জেলা কৃষি অফিসের কাছে।
জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায় জানান, কৃষি অফিস ধান-গম-ভুট্টাসহ অন্যান্য রবি শস্যের হিসাব রাখে। কিন্তু বাঁশের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাই প্রতি বছর কি পরিমাণ বাঁশ ঝাড় বিলুপ্ত হচ্ছে সে বিষয়ে তথ্য দেওয়া মুশকিল। তবে মানুষ যে বাঁশ ঝাড় কেটে আবাদি জমি করছেন সেটি সচরাচরই চোখে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
