এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব
‘কেউ ভয় পাবেন না। অল্প পানিতে মাছ তিরতিরায়। ধৈর্য ধরেন, আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবেও না।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে জনসংযোগ করতে গিয়ে এমন ‘উসকানিমূলক’ বক্তব্য দিয়েছেন বহুল আলোচিত লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আবু তাহেরের ছেলে এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব। বক্তব্যটি নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন তিনি। প্রায় ১১ মিনিটের ভিডিওতে তার বক্তব্যের কিছু কথা নিয়ে সমালোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে। বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা এখন অনেকেরই মুখে মুখে।
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুর পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নতুন তেওয়ারীগঞ্জ বাজারে গণসংযোগের সময় তিনি বক্তব্য দেন। বক্তব্যে তিনি ওই ইউনিয়নের ভোটের মাঠে প্রতিদিন এক ঘণ্টা করে উপস্থিত থাকার কথা জানান। ভোটের দিনেও কেন্দ্রে অবস্থান নেওয়ার কথা বলেন। যদিও তিনি ওই এলাকার বাসিন্দা নন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিপ্লব। পরে রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা চেয়ে প্রাণভিক্ষা পান।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দাবি, বিপ্লব বহিরাগত। তার ‘উসকানিমূলক’ বক্তব্যে ভোটের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠছে। তবে বিপ্লবের দাবি, দলীয় নেতা ভুলুর নির্বাচনী গণসংযোগে তিনি ওই এলাকায় যান। তার ওপর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন হামলা করায় তিনি রাগে ওই কথা বলেছেন।
গণসংযোগে বিপ্লবের সঙ্গে প্রার্থী ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুও ছিলেন। প্রার্থী ভুলু বিপ্লবের ভগ্নিপতি (খালাতো বোনের স্বামী)। বিপ্লব সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।
অভিযোগ উঠেছে, অটোরিকশা প্রতীকের প্রার্থী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরীর লোকজন আনারস প্রতীকের প্রার্থীর গণসংযোগে হামলা করে। ওই হামলার ঘটনাকে কেন্দ্র করেই বিপ্লব রেগে যান। পরে তিনি উপস্থিত জনগণের সামনে মাইকে বক্তব্য দেন।
জানতে চাইলে এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী একটি প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। তিনি চান ভোটে সৎ ও যোগ্য লোক নির্বাচিত হোক। তাহলে জনগণ সেবা পাবে ও সরকারের ভাবমূর্তিও বাড়বে। আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি তেওয়ারীগঞ্জে ভুলু ভাইয়ের নির্বাচনী গণসংযোগে যাই। আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হামলা চালায়। আমার গাড়িতেও হামলা চালিয়েছে। এজন্য রেগে গিয়ে কথাগুলো বলেছি। এতে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কোনো উদ্দেশ্য নেই।
ওমর ফারুক ইবনে হুছাইন বলেন, অটোরিকশার প্রার্থী বোরহান চৌধুরীর লোকজন আমাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। তখন বিপ্লবের গাড়িতে হামলা করা হয়। এতে বিপ্লব একটু রেগে গিয়ে বক্তব্যে কথাগুলো বলেছেন। হামলার ঘটনায় আমি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরী বলেন, বিপ্লব বহিরাগত। তিনি ভুলুর গণসংযোগে এসে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য শুনে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। আমার কোনো লোক তাদের ওপর হামলা করেনি। হামলার ঘটনা ঘটেছে বলেও শুনিনি। আচরণবিধি লঙ্ঘন করে এসব বক্তব্য দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দেব।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
