Logo
Logo
×

সারাদেশ

ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহত, আহত ২৫

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১২:৩১ এএম

ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহত, আহত ২৫

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা কবলিত ট্রাক

ঝালকাঠিতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার ও অটোরিকশারের ১৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ শিশু, ৩ জন নারী। তাদের সবার বাড়ি রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলায়। এদিকে দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে টোলগেটের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস, তিনটি অটোরিকশা ও একটি পিকআপসহ ১০টি গাড়িকে চাপা দেয়। ট্রাকটি গাড়িগুলোকে নিয়েই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রে জানা গেছে, চারটি ইজিবাইকে কনের বাড়ির লোকজন ঝালকাঠির ওস্তাগার মাঝি বাড়ি থেকে সেতু পেরিয়ে ছাগলকান্দা শশীর হাটে বরের বাড়ি বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলে। সেখানে ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। গাড়িগুলো পাশের খাদে পড়ে যায়। আহতদের মধ্যে ১১ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের অনেকের অবস্থাই গুরুতর। আহতদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন। বাকিরা ঝালকাঠিতেই মারা গেছেন। বরিশালে মারা গেছেন পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার মেসন্ডা এলাকার সুবিদ আলী হাওলাদারের ছেলে মো. রুহুল আমিন (৭০) এবং ঝালকাঠি সদর উপজেলার রামনগর এলাকার বাদশা মিয়ার প্রতিবন্ধী ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)। 

পরিবারের লোকজনের সঙ্গে বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিছিলেন রুবেল হোসেন (৩০)। তিনি দুর্ঘটনার আগেই টোল প্লাজা পার হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তিনি আহত স্বজনদের নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। রুবেল হোসেন বলেন, ‘আমরা যাইতেছিলাম বিয়ের বৌভাত অনুষ্ঠানে। গাবখান ব্রিজ পার হইয়া চারডা অটো (ইজিবাইক) নিয়া যাইতেছিলাম। দুইটা অটো পাশ কইরা গেছে। দুইটা টোল দিতেছিল। এসময় পেছন থেকে ট্রাক আইসা আমরার ওই দুইটা অটো প্লাস আরও দুইটা অটোরে মাইরা দিছে। ব্রেক ফেইল কইরা মাইরা দিয়া ও নিজে গর্তে পইড়া গেছে।’ রুবেল আরও বলেন, নিজেদের পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রুহুল আমিনের মরদেহের পাশে দাঁড়িয়েছিলেন তার মেয়েজামাই গাবখানের বাসিন্দা হেমায়েত উদ্দিন। তিনি বলছিলেন, ‘ছাগলকান্দা আমরা ভাইঝি বিয়া দিছি। সেইখানে আমরা মেলা করছি (রওনা দিয়েছি)। আমরা সামনের গাড়িতে, তারা পিছের গাড়িতে, অটোতে। ‘চারডা অটোতে মেলা করছি; দুইডা অটো সামনে গেছে। দুইডা পিছে টোল দেয়; আর ট্রাক আইয়া মাইরা দিছে। আমাগো লোক মারা গেছে পাঁচ-ছয়জন।’ ঝালকাঠির রামনগরের বাদশা মিয়ার ছেলে সাইদুল বলেন, তার প্রতিবন্ধী ভাই শহীদুল (৪৫) গাবখানে ভিক্ষা করেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

এ ব্যাপারে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে দুর্ঘটনার তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ববরণকারীদের তিন লাখ আর আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন