বান্দরবানে সোনালী ব্যাংকে কেএনএফের ১ কোটি ৫৯ লাখ টাকা ও অস্ত্র লুট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ এএম
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এসময় ব্যাংকের ম্যানেজার ও নিরাপত্তায় থাকা ১০ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ৮ টার দিকে এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে। এসময় তারা সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ওসি) দিদারুল জানান, কেএনএফের শতাধিক সদস্য এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে ব্যাংক লুট করে এবং পুলিশ ও আনসার সদস্যের ১৪ টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।
