সংকট ও সমস্যার মধ্যেই ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৩:০২ পিএম
ফাইল ছবি
ভোটাধিকার হরণ, লাগামহীন দুর্নীতি, অর্থ পাচার, মূল্যস্ফীতিসহ নানা সংকট ও সমস্যার মধ্যেই মঙ্গলবার ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে বাংলাদেশ। সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হলেও বিরোধী দলগুলো অভিযোগ করছে, ১৯৭১ এ পাকিস্তান সরকারের মতই দমন নিপীড়ণ করছে সরকার। অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। সম্পদের পাচার বেড়েছে। ভয়ংকর সব ওলিগার্কদের উত্থান ঘটেছে। মধ্যবিত্ত ও নিম্মবিত্ত উচ্চ দ্রব্যমূল্যের কারণে বাজারে গিয়ে নাজেহাল হচ্ছেন। মুষ্ঠিমেয় কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হাতে দেশ জিম্মি হয়ে পড়েছে।
যদিও আওয়ামী লীগ বলছে সামনে এগিয়ে যাওয়ার কথা। বিএনপিসহ বিরোধী দলগুলো বলছে, আমাদের অব্যাহত আন্দোলন-সংগ্রাম গণতন্ত্র, জনগণের অধিকার এবং স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য; যার মাধ্যমে সব বাংলাদেশী আবারও স্বাধীনতার স্বাদ পাবে।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ার পর ২৬ মার্চ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
এদিন সরকারি ছুটি হলেও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বিদেশি কূটনীতিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবে।
এছাড়াও বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সরকারি, আধা-সরকারি ভবন ও উন্মুক্ত স্থানেও আলোকসজ্জা করা হবে।
দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও স্টেশন ও টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
মুক্তিযুদ্ধের সব শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শিল্পকলা ও পোস্টার প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করবে।
দিবসটি উপলক্ষে সারাদেশে সব শিশুপার্ক ও জাদুঘরসমূহ বিনামূল্যে খোলা রাখা হবে।
