Logo
Logo
×

সারাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের

Icon

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৪:২২ এএম

গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের

তারেক রহমান। ফাইল ছবি।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় আবারও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালের আজকের এই দিনে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন; যার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সূচনা হয়। এর পর থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সারা বিশ্বের বাংলাদেশিরা দিনটিকে গর্বের সঙ্গে পালন করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে আমার বাবা এবং যেসকল বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন ও যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি আমি অঙ্গীকারাবদ্ধ।’

তারেক রহমান বলেন, ‘আজ স্বাধীনতার ৫৩ বছর পর মুক্তিযুদ্ধের সেই আদর্শ- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভুলুণ্ঠিত হয়েছে। এর পাশাপাশি মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন সমুন্নত রাখার যে লক্ষ্য সেটিও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ধ্বংস করা হয়েছে।’

বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করনে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের অব্যাহত আন্দোলন-সংগ্রাম গণতন্ত্র, জনগণের অধিকার এবং স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য; যার মাধ্যমে সকল বাংলাদেশী আবারও স্বাধীনতার স্বাদ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ১৯৭১ সালের মতোই রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্রকামী জনগণের বিজয় সুনিশ্চিত। চলুন, আমাদের বীরত্বপূর্ণ ঐতিহাসিক আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলি।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন