ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরকারি দলের দুই নাম্বার গুরুত্বপূর্ণ ব্যক্তি। মন্ত্রী হিসেবেও তার অবস্থান উপরের দিকেই। কার্যত: ক্ষমতাসীন আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের মুখপাত্র তিনি। প্রায় প্রতিদিনই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। হয় সচিবালয়ে, নয়তো ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অথবা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। দিনের কোন এক ভাগে কোথাও না কোথাও সাংবাদিকদের সাথে তার কম-বেশি কথা হয়। জনগুরুত্বপূর্ণ ও চলমান নানা ইস্যুতে সাংবাদিকরা তার সাথে খোলাখুলি কথা বলেন। ছোট-বড় সব ইস্যুতেই তার বক্তব্য পাওয়া যায় যা সাংবাদিকদের জন্য অনেকটা স্বস্তির। সাংবাদিকদের সাথে তার সম্পর্কও বেশ হৃদ্যতাপূর্ণ।
সাংবাদিকরা নির্দ্বিধায় ও নি:সংকোচে তাকে প্রশ্ন করেন। রাজনৈতিক কিছু কৌশল নিলেও বেশিরভাগ সময়েই তার কাছ থেকে ‘টু দ্য পয়েন্ট’ উত্তর পান সাংবাদিকরা। সাংবাদিকদের আস্থার জায়গা বেশ ভালই দখল করে আছেন এক সময়ের পেশাদার সাংবাদিক ওবায়দুল কাদের।
সাংবাদিকরাও বেশিরভাগ সময় তার সাথে কথা বলেন, প্রশ্ন করেন তার শরীরের অবস্থা আর মন মেজাজ বুঝে। তাকে খুব একটা ঘাটাতে চান না সাংবাদিকরা, কখনো কঠিন অবস্থাকালে বৃত্তের বাইরে গিয়ে প্রশ্ন এলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেকে বেশ ভালভাবেই উতরে নেন ওবায়দুল কাদের।
তবে ১৫ মার্চ দিনটি তার জন্য আর সাধারণ পাঁচটা দিনের মত ছিল না। এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের একের পর প্রশ্নের মুখোমুখি হন তিনি।
ওবায়দুল কাদের দাবি করেন, বিশ্বে কোথাও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ভালো নয়। আর যার বৈশ্বিক প্রভাব পড়েছে বাংলাদেশে। তিনি বলেন, বাংলাদেশ কোন বিচ্ছিন্ন দ্বীপ নয়, বিশ্ববাজারের প্রভাব বাংলাদেশের বাজারে স্বাভাবিকভাবেই পড়ে।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের খুব একটা কষ্ট হচ্ছে না, এমন একটা কথা বলার পর তিনি সাংবাদিকদের সংঘবদ্ধ প্রতিবাদের মুখে পড়েন। এক পর্যায়ে তিনি একজন সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার অসুবিধা হচ্ছে?’
তখন একযোগে সাংবাদিকরা বলতে থাকেন, তাদের অসুবিধা হচ্ছে। সাংবাদিকদের সমস্বরে এমন উত্তরে খানিকটা চুপসে যান ওবায়দুল কাদের।
স্বভাবসুলভ ভাষায় ওবায়দুল কাদের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিএনপিকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বাজারে সিন্ডিকেট করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে। সে সময় সাংবাদিকরা বলেন, ১৫ বছরেও এটা ধরতে পারলেন না!
সড়কে চাঁদাবাজি নিয়ে তিনি বলেন, চাঁদাবাজি দীর্ঘ দিন ধরে চলে আসছে, এটা পুরোপুরি বন্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে, তিনি বলেন, চাঁদাবাজি সব সময়ই হয়, সবখানেই হয়।
এক পর্যায়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পৃথিবীর কোন দেশে সড়কে চাঁদাবাজি হয়?
এ প্রশ্নেও খানিকটা বেকায়দায় পড়েন ওবায়দুল কাদের। তিনি কোনরকমে বলেন ‘আশপাশের দেশে আছে।‘
সাংবাদিকরা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের দায়সারা জবাব দেয়া হয় সরকার ও সরকারি দলের পক্ষ থেকে। অনেক কিছুকে হালকাভাবে উপস্থাপন করা হয়। সাংবাদিকরা পেশাগত কারণেই তাদের বক্তব্যের প্রতিবাদ করতে পারেন না, তবে প্রশ্ন করার যে অধিকার সাংবাদিকদের রয়েছে, তাও অনেক সময় নানা কারণে পুরোপুরি কাজে লাগানো যায় না।
তারা বলেন, ওবায়দুল কাদের বিএনপিকে বাজার সিন্ডিকেটের জন্য গত কিছুদিন ধরে দায়ী করে যাচ্ছেন। তিনি বার বার বলছে ন, বিষয়টি তদন্ত করে দেখা হবে, কিন্তু দ্রব্যমূল্য নিয়ে দেশের মানুষ যখন ক্ষুব্ধ তখন বিষয়টিকে কার্যত: বিরোধীদলও নয় এমন একটি রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেয়াটা আসলে দায়িত্বহীনতা।
