পুলিশি অভিযান ও শোকে এখনো শূন্য বেইলি রোড, জমেনি ইফতার বাজার
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১২:১৩ এএম
শূন্য বেইলি রোড, জমেনি ইফতার বাজার
রাজধানীর বেইলি রোড। কেনাকাটায় ঢাকার উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্যতম পছন্দের জায়গা। খাবার-দাবার থেকে শুরু করে পোশাক-আশাক- সবই রয়েছে ছোট এই সড়কের দুই পাশে। অসংখ্য বহুতল ভবনে শপিংমল, শো-রুম। খাবার-দাবারের জন্য বাহারি নাম ও দামের হোটেল-রেস্টুরেন্ট। এক কথায় ছোট এই বেইলি রোডটিই যেন পুরো রাজধানী ঢাকার একটি রেপ্লিকা।
এমনকি ফুটপাতেও পাওয়া যায় রসনা বিলাসের হাজারো আইটেম। প্রায় বছরের প্রতিটি দিন তাই মানুষে গাদাগাদি-ঠাসাঠাসি এই বেইলি রোড। আর পবিত্র রমজান মাসে তো পা ফেলার ফুসরত থাকে না। শান্তিনগর চৌরাস্তার বেইলি রোডের মুখ থেকে শুরু করে পশ্চিমে যতোটা সামনে যাবেন বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের কলরবে মুখর থাকে পুরো এলাকা।
তবে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। রমজানের মাত্র কয়েকদিন আগে এই রোডের অগ্নিকাণ্ডের ঘটনা যেন পাল্টে দিয়েছে পুরো দৃশ্যপট। ইফতারে সেই জৌলুস নেই। মানুষের আনাগোনা কম। ফুটপাতের ইফতার বাজারের কলেবর কমেছে। মানুষের আনাগোনাও কম। যেনো গ্রিন কোজি কটেজের সেই ভয়াল দৃশ্য ছড়িয়ে পড়েছে পুরো সড়কে।
বুধবার পুরো বেইলি রোড এলাকায় দেখা গেছে, এখানকার নামিদামি রেস্তোরাঁগুলো বন্ধ। ফলে ইফতার বিক্রি একেবারেই ঢিলেঢালা। নেই ঐতিহ্যগত ইফতারির আড্ডা ও ইফতারির জন্য রোজাদারদের সেই ভিড়বাট্টা ও বিক্রেতার হাঁকডাক।
বেইলি রোডের বাসিন্দা শাহানা জাহান জানান, রমজানে এখানকার হোটেল রেস্টুরেন্টগুলোতে ফ্যামেলি প্যাকেজ থাকে। সেইসঙ্গে নানা ধরণের পার্টিও থাকে। তবে এ বছর সেই ধরণের প্রস্তুতি চোখে পড়ছে না। অন্যান্য বছর রোজা শুরু হওয়ার অন্তত ১৫ দিন আগে থেকে এই ধরণের ব্যানার-ফেস্টুন দেখা গেলেও এ বছর সেটি নেই বললেই চলে।
পুলিশি অভিযানের কারনে বন্ধ এসব রেস্তোরাঁগুলোর কর্মচারীরা যে যার মতো অলস সময় পার করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক মালিক-কর্মচারী পুলিশি হয়রানির ভয়ে বেইলি রোডে আসছেন না। আবার কর্মচারীদের অনেকেই চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছে। ফলে খাবারের জন্য বিখ্যাত এক সময়ের বেইলি রোড এখন অনেকটাই খাপছাড়া। পুরোপুরি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ও মুখপাত্র ইমরান হাসান বলেন, একটি দুর্ঘটনা রাজধানীর ইফতারির আমেজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের দিকনির্দেশনা না থাকায় রেস্তোরাঁ মালিকরা হয়রানির ভয়ে রেস্তোরাঁ খুলছেন না এবং ইফতারির আয়োজন করছেন না। এখন আদালত নির্দেশনা দিয়েছেন, সেটি সরকার কীভাবে বাস্তবায়ন করবে তার ওপর নির্ভর করবে রেস্তোরাঁ মালিকরা কী করবেন।
এদিকে রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইন অনুযায়ী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযানের নামে হয়রানি করা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে, ১১ মার্চের এ সংক্রান্ত একটি রিট আবেদন করা হয়, যা গতকালের শুনাতিতে রুল দেওয়া হয়। রিটে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা অযৌক্তিক অভিযান বন্ধ ও সময় সাপেক্ষে প্রশাসনের সব শর্ত পূরণের আবেদন করেছেন।
