Logo
Logo
×

সারাদেশ

ক্যাম্পাসে-ক্যাম্পাসে প্রতিবাদী গণ ইফতারের আয়োজন

Icon

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:১২ এএম

ক্যাম্পাসে-ক্যাম্পাসে প্রতিবাদী গণ ইফতারের আয়োজন

শাবিপ্রবির গোল চত্তরে মঙ্গলবার অনুষ্ঠিত গণ ইফতার পার্টির দৃশ্য

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এসব ইফতার পার্টিতে শত শত শিক্ষার্থীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসের চিত্রই বদলে দেয়। 

এ দু’টি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে এমন অভিনব প্রতিবাদ কর্মসূচী পালিত হওয়ায় সারাদেশেই এ নিয়ে আলোচনা হচ্ছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের এই প্রতিবাদ নিয়ে আলোচনার পাশাপাশি একে প্রশাসনের জন্য কড়া বার্তা হিসেবে মনে করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

রোজার সময় ক্যাম্পাসে কোনো প্রকার ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে গত রবিবার বিজ্ঞপ্তি জারি করে শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন। বিজ্ঞপ্তি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বিশেষ করে ফেসবুকে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই একযোগে ক্যাম্পাসে-ক্যাম্পাসে গণ ইফতার পার্টির ঘোষণা দেওয়া হয়। 

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার কর্মসূচী পালন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টিএসটিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ডেইরি গেটে, শাবিপ্রবির শিক্ষার্থীরা গোলা চত্ত্বরে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শান্ত চত্বরে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এবং রাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় টিএসটিতে গণ ইফতার কর্মসূচি পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান বলেন, দেশের দুইটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ হিসেবে এ ইফতার পার্টির আয়োজন করি। এতে শত শত শিক্ষার্থী নিজ উদ্যোগে অংশ নেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদ এইচ. জোহা বলেন, পবিত্র রমজানে ইফতার পার্টি চলে আসছে। এটি ধর্মীয় ইবাদতের পাশাপাশি মিলন মেলা। ইফতার পার্টির সংস্কৃতি প্রতিটি ক্যাম্পাসে দীর্ঘকাল ধরে চলে আসছে। কেউ চাইলেই তা বন্ধ করতে পারে না। 

এদিকে যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মঙ্গলবারের চিত্র ছিলো সম্পূর্ণ উৎসব মুখর। ক্যাম্পাসের গোলচত্বরে গণ ইফতারে কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়।  ইফতারের এক ঘন্টা পূর্ব থেকেই হল ও ক্যাম্পাসের বাহিরে থেকে শিক্ষার্থীদের আগমন শুরু হয়। কেউ অটোরিক্সা, কেউ টমটম গাড়ি আবার কেউ কেউ হেঁটে হেঁটে গোলচত্বরে এসে হাজির হোন। এদের মধ্যে অনেকেই নিজ নিজ ইফতারী সঙ্গে করে নিয়ে আসেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইফতার সম্পন্ন হয়। 

গণ-ইফতারে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ইফতার পার্টি করা আমাদের ঐতিহ্য। অথচ ক্যাম্পাসে ইফতার পার্টি  না করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এর প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচির ঘোষণা দিয়েছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, ক্যাম্পাসে ইফতার পার্টি না করার বিজ্ঞপ্তিতে গণ-ইফতার আমাদের মৌন প্রতিবাদ। আমরা চাই, ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণভাবে ইফতার পার্টি অব্যাহত থাকুক। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে কখনো না নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। 

এদিকে ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির পর মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয় শাবিপ্রবি প্রশাসন। নতুন বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ইফতার পার্টি করতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না বলে জানানো হয়। তবে ইফতার পার্টিতে প্রশাসন থেকে কোনো অর্থ সহায়তা করা হবে না বলে জানায় প্রশাসন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, ইফতার পার্টি ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর আয়োজনে হয়ে থাকে। এর অর্থায়ন করে থাকেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কখনোই এর খরচ বহন করা হয় না। কিংবা ন্যূনতম সহায়তাও করা হয় না। তাই অর্থায়ন নিয়ে মঙ্গলবার শাবিপ্রবি প্রশাসন যে বক্তব্য দিয়েছে সেটি নেহাতই মুখ রক্ষার জন্য। আদতে তারা ভাবতে পারেনি যে বিষয়টি নিয়ে দেশব্যাপী এতো বড় প্রতিক্রিয়া হবে। 

এ বিষয়ে শাবিপ্রবির একজন সিনিয়র অধ্যাপক বাংলা আউটলুককে বলেন, ভিসি ফরিদ উদ্দিন আহমেদের আশপাশের কট্টর যে সব শিক্ষক ও কর্মকর্তা রয়েছেন তাদের প্ররোচনায়ই তিনি এমন হঠকারী সিদ্ধান্ত নেন। ক্যাম্পাসের শুরু থেকে প্রতি রমজানেই এমন ইফতার পার্টি হয়। কখনো এমন সিদ্ধান্ত নেওয়ার কথা কেউ কল্পনাও করেনি। সে ক্ষেত্রে ভিসি ফরিদ উদ্দিন কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন