Logo
Logo
×

সারাদেশ

রোজায় কত দিন খোলা থাকবে স্কুল? জানাল মন্ত্রণালয়

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৯:২১ পিএম

রোজায় কত দিন খোলা থাকবে স্কুল? জানাল মন্ত্রণালয়

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো কত দিন খোলা থাকবে তা জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয় খোলা রাখার সময়সীমা জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে দুই মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যে বলা হয়েছে, ২৫ মার্চ পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো খোলা থাকবে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে রমজানের প্রথম ১০ দিন। অর্থাৎ, ২১ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

আগের ধারাবাহিকতায় এ বছরও রমজান মাস বিদ্যালয়ের ছুটির তালিকায় ছিল। রোজায় স্কুল বন্ধ রাখতে এ বছরের ছুটির তালিকায় ১০ মার্চ থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। আর ১১ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল প্রাথমিক বিদ্যালয়ে। 

তবে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রোজায় বিদ্যালয়ে ক্লাস চালুর রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৮ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে রোজার প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখা হবে।

আর শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

তাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মাহমুদা খানম। সেই আবেদনের ওপর গত রবিবার শুনানি করে রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের দেওয়া এই আদেশ মঙ্গলবার স্থগিত করেছেন আপিল বিভাগ। এরপর মন্ত্রণালয়গুলো তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। স্কুল খোলা রাখার বিষয়ে মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে আবার জানানো হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন