ইফতার পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন শাবিপ্রবি ভিসি
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০২:০৬ এএম
ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃপক্ষ। সরকারিভাবে ইফতার পার্টি না করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। যদিও ইফতার পার্টি বন্ধে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি সরকার। তবে বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে যা লিখেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ, এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের ইফতার পার্টিই বন্ধ রাখতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইফতার পার্টি যেহেতু সরকার থেকে করতে নিষেধ করা হয়েছে, সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এর আয়োজন না হতে পারে। কিন্তু অন্যদের ইফতার পার্টি বন্ধের কোনো নির্দেশনা তারা দিতে পারে না।
সোমবার (১১ মার্চ) সকালে শাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো ।’
বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, লাইব্রেরি প্রশাসক, প্রক্টর, হিসাব পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
শাবি প্রশাসনের এমন সিদ্ধান্তে শুরু হয় আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় বিতর্ক।
এমন পরিস্থিতিতে দেশের অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়েছে বাংলা আউটলুক। যদিও প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন থেকে ইফতার আয়োজনের আনুষ্ঠানিকতা না থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গেও যোগাযোগ করেছে বাংলা আউটলুক। ইফতার বন্ধের ব্যাপারে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পেয়েছেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আমরা অফিসিয়াল কোনো নির্দেশ পাইনি।’
শাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়, আমাদের বিশ্ববিদ্যালয় একটি সরকারি বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, ইফতার পার্টি না করতে তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা নিজস্ব তহবিল থেকে আমরা কোনো ইফতার পার্টি করব না।
তবে যে কেউ নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় ইফতার পার্টি করতে পারবে বলে জানান তিনি। উপাচার্য বলেন, এতে আমরা কোনো বাধা দেব না।
বিজ্ঞপ্তির ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি বিজ্ঞপ্তিতে ভুলভাবে এসেছে। কালই রেজিস্ট্রারকে বলব ঠিক করে দিতে।’
