নিত্যপণ্যের বাজার। ফাইল ছবি
রমজানের বাজারে ক্রেতা সমাগম বেশি হলেও পরিমাণে কম কিনছেন তারা। বিক্রেতারা বলছেন, বাজারে কোনো পণ্যেরই ঘাটতি নেই। ঘাটতি কেবল মানুষের পকেটে। যে কারণে সব ধরনের পণ্যই পরিমাণে কম কিনছেন তারা।
রবিবার রাজধানীর খিলগাঁও রেলগেটের সিটি কর্পোরেশন মার্কেট থেকে বাজার করে বের হয়ে সামনের সবজির দোকান থেকে শসা কিনছিলেন সাবেক সরকারি কর্মকর্তা শাহিন চৌধুরি। প্রতিকেজি শসা ১২০ টাকা। তরুণ দোকানির সঙ্গে বেশ খানিকটা দরদাম করে অবশেষে ১০০ টাকা কেজিতে শসা কিনেছেন তিনি।
রেল লাইনে দাঁড়িয়েই কথা হয় শাহিন চৌধুরির সঙ্গে। তিনি বলেন, প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম। কিছুই কেনার সাধ্য নেই। আমাদের মতো হিসেব করা টাকায় যারা মাস চালান তারা খুব বেকায়দায় রয়েছেন।
তিনি বলেন, বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আবার ক্রেতাদের মধ্যেও সচেতনতা নেই। দোকানি যে দাম হাঁকায়, তা দিয়েই অনেকে কিনে নেন। আমি কিন্তু সেটি করি না। কোনো পণ্যের দাম বেশি হলে দামাদামি করি। দোকানির সঙ্গে প্রয়োজনে ঝগড়া করি। এই যে দেখেন ও (দোকানি) চেয়েছিল প্রতি কেজি শসা ১২০ টাকা; আমি ১০০ টাকা দিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা জিনিসই যদি ক্রেতা যাচাই করে কেনে, তাহলে কিন্তু বাজার সিন্ডিকেটও অনেকটা কমে যাবে।
সরকারের পক্ষে ডোর টু ডোর তদারকি করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে। তাদের উচিত সব কিছু ঠিকঠাক চলছে কি-না তদারকি করা। কিন্তু তারা তাদের দায়িত্ব পালন না করলে দায়তো সরকারের ওপরই পড়বে।
সাবেক এই ডাক কর্মকর্তা বলেন, জিনিসপত্রের যে দাম তাতে স্বল্প আয়ের মানুষ বাঁচবে না। তাদের কম খেতে হবে। পুষ্টিকর খাদ্য খেতে পারবে না।
শাহিন চৌধুরির কথার সত্যতা পাওয়া গেল বাজারে ঢুকতেই। মশলা থেকে শুরু করে সব ধরণের পণ্যই মানুষ পরিমাণে কম কিনছেন। যারা প্রতি রমজানের আগে কয়েক কেজি করে খেজুর কিনতেন তাদের অনেকেই আধা কেজি কিংবা আড়াইশ’ গ্রাম করে কিনছেন। মশলার দোকানেও তেমনটি দেখা গেছে।
কেউ আড়াইশ’ গ্রাম জিরা, ১০০ গ্রাম কিসমিস কিনতে গিয়েও দোকানির সঙ্গে দর কষাকষি করছেন। বিক্রেতারা বলছেন, অনেক নিয়মিত ক্রেতাদের সঙ্গেও দাম নিয়ে মনোমানিল্য হচ্ছে।
