রমজানের ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুর সাধারণের ক্রয়সীমার বাইরে চলে গেছে। চাহিদার তুলনায় অর্ধেকে নেমে এসেছে এ ফলের আমদানি। একই অবস্থা সব ধরনের আমদানি করা ফলের বাজার দরে। আমদানি মূল্যের দুই থেকে চারগুন বেশি অ্যাসেসমেন্ট প্রাইস (মূল্য নির্ধারণ) এবং ৪৩ শতাংশ শুল্ক আরোপের কারণে খেজুরের দাম ক্রেতাদের নাগালের বাইরে বলে জানান ব্যবসায়ীরা।
আমদানিকারকদের অভিযোগ, ভোগ্যপণ্য হিসেবে খেজুরসহ সব ধরনের ফল বিলাসকে পেণ্যের অন্তর্ভুক্ত করা এবং কাস্টমস কর্তৃপক্ষের একরোখা আচরণে বাজারের এ পরিস্থিতি।
রবিবার (১০ মার্চ) দেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার বাদামতলী গিয়ে দেখা যায়, প্রতিবছর রমজানের আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খুচরা বিক্রেতারা ভিড় করেন। কিন্তু এ বছরের দৃশ্য ভিন্ন। ক্রেতা উপস্থিতি অনেকটা কম। আর যারা এসেছেন, তারাও পরিমাণে অনেক কম ফল কিনছেন। তাদের সাথে কথা বলে জানা গেছে, বাজার দর বাড়তি থাকায় খুচরা বিক্রি অর্ধেকে নেমে এসেছে। আগে যারা এক কেজি খেজুর কিনতেন, এখন তারা আধাকেজি কিনছেন। তাদের বিক্রিও অর্ধেকে নেমে এসেছে।
তারা জানাচ্ছেন, আপেল, আঙুর, মাল্টা, নাশপাতিসহ আমদানি করা সব ধরনের ফলের বাজার দরই বেড়েছে অন্তত দুই থেকে তিন গুন। বিশেষ করে খেজুরের দাম বেড়েছে সবচেয়ে বেশি। মূলত রমজান জুড়ে খেজুরের বিক্রি থাকে বেশি।
ওই বাজারের বিভিন্ন ফলের আড়ত ঘুরে দেখা গেছে দাব্বাস ১০ কেজির দাম ৩৮০০-৩৯০০ টাকা। দাব্বাস ৫ কেজি পোর্টের দাম ২০০০-২০৫০ টাকা। দাব্বাস সিআর ১০ কেজি ৪৫০০ টাকা, পাইকারিতে ৪৬০০ টাকা। দাব্বাস চিপস ১০ কেজি ৪২০০ টাকা, পাইকারী ৪৩০০ টাকা। লুলু চিপস ১০ কেজি ৪২০০ টাকা, পাইকারি ৪৩০০ টাকা। বারনী ১০ কেজির প্যকেট ৩০৫০ টাকা, পাইকারি ৩১০০ টাকা। বারনী খোলা ২৯০০ টাকা, পাইকারি ৩০০০ টাকা। খালাস ১০ কেজি ৩৩৫০ টাকা, পাইকারি ৩৪০০ টাকা। দাব্বাস টিবি ৫ কেজি
২১০০ টাকা, পাইকারি ২২০০ টাকা। নাগাল ১০ কেজি ৩১৫০ টাকা, পাইকারি ৩২৫০ টাকা। ছায়ের ১০ কেজি ২৯৫০ টাকা, পাইকারি ৩০০০ টাকা। লুলু ১০ কেজি ৩৮০০ টাকা, পাইকারি ৩৮৫০ টাকা। জাহিদি
১০ কেজি ২৫৫০ টাকা, পাইকারি ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
আর সুপার মরিয়ম ৫ কেজি ৪৭০০ টাকা, কিমি মরিয়ম ৪৪০০ টাকা, ভিআইপি মরিয়ম ৭২০০ টাকা, মাবরুম ৬৭০০ টাকা, জমজম মাবরুম (তিন কেজি) ৩৭০০ টাকা, জেদ্দা মরিয়ম ৫ কেজি ২৮০০ টাকা, মদিনা কালমি ৫ কেজি ৪৫০০ টাকা, কালমি ৪০০০ টাকা, আজুয়া এম ৫ কেজি ৫০০০ টাকা, আজুয়া এ ৪২০০ টাকা, ছড়া ৫ কেজি ২৮৫০ টাকায় পাইকারি বিক্রি হতে দেখাগেছে।
আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা জানালেন, প্রতিদিন এই দাম ওঠানামা করে। কারণ হিসেবে তারা জানান, ২০২৩-২৪ অর্থবছরে খেজুরকে বিলাস পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করেছে সরকার। সেই সাথে ২৫ শতাংশ কাস্টমস ট্যক্স, ১৫ শতাংশ ভ্যাট, ৩ শতাংশ রেগুলারেটরি ট্যক্স, ৫ শতাংশ অ্যাডভান্স ট্যক্স-এটি, ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যক্স-এআইটি, মোট ৫৩ শতাংশ নানা কর ধার্য করে সরকার। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে কাস্টমস ট্যাক্স ১০ শতাংশ কমিয়ে ৪৩ শতাংশ শুল্ক বেধে দেয় সরকার।
এর সাথে কাস্টমস কর্তৃপক্ষ প্রতি ১ হাজার ডলার এলসি মূল্যের খেজুর আমদানির পর চট্টগ্রাম পোর্ট কাস্টমস কর্তৃপক্ষ অ্যাসেসমেন্ট প্রাইস (মূল্য নির্ধারণ) ২ হাজার ৫ শ ডলার ধরে ট্যক্স নির্ধারণ করেন। হিমায়িত কন্টেইনারে ১ হাজার ২ শ বা ১ হাজার ৩ শ ডলার মূল্যের খেজুরের অ্যাসেসমেন্ট প্রাইস নির্ধারণ করেন ৪ হাজার ডলার। ফলে আমদানি করা যে কোনো ধরনের খেজুরের মূল্য সর্বনিম্ন হলেও ৩ থেকে ৪ গুন বেড়ে যায়।
আমদানিকরাকরা জানান, গত অর্থ বছরে যেখানে বস্তার খেজুর ৫ শ থেকে ৬ শ ডলার অ্যাসেসমেন্ট প্রাইস হিসেব করা হতো, এখন সেই একই খেজুর প্রতি বস্তা ১ হাজার ডলার হিসেব করা হয়। আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম একটুও বাড়েনি। টাকার হিসেবে খোলা বস্তার খেজুরে কেজি প্রতি ট্যাক্স কাটা হচ্ছে ৫৮ টাকা। কার্টনের খেজুরে ১৪০ টাকা। আর হিমায়ীত কন্টেইনারে আনা খেজুরে ২১০ টাকা ট্যাক্স কাটা হচ্ছে। শুধু এই বাড়তি ট্যাক্স না কাটলে বস্তার খেজুর ৯২ টাকা, কার্টনের খেজুর ১৩০ এবং হিমায়িত খেজুর ২০০ টাকা পাইকারি দরে বিক্রি করা সম্ভব হতো।
শতাভাগ আমদানি নির্ভর খেজুরের সবচেয়ে বড় রফতানিকারক দেশ ইরাক। ইরাক থেকে মোট চাহিদার ৮০ শতাংশ খেজুর আসে বাংলাদেশে। ১০ শতাংশ আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। বাকি ১০ শতাংশ আসে আলজেরিয়া, তিউনিশিয়া, সৌদি আরব, মিশর থেকে।
এফবিসিসিআই’র পরিচালক ও বাংলাদেশ ফ্রেস ফ্রুটস ইমপোর্টারস এ্যসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বাংলা আউটলুককে জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে বহুবার দাবি জানানো হয়েছে, খেজুরসহ আমদানিকৃত ফলকে বিলাস পণ্য হিসেবে তালিকাভূক্ত না করার জন্য। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করা হয়েছে। জনদাবি উপেক্ষা করে বাড়তি করারোপ করা হয়েছে। এর বাইরে বর্তমানে দেশে চরম ডলার সংকট চলছে। ডলারের ব্যাংক রেট ১ শ ১০ টাকা নির্ধারিত করে দেয়া হলেও এলসি করতে হচ্ছে ১ শ ২০ থেকে ১ শ ২৫ টাকায়। এখানেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। দেশে মোট ১ শ জনের মতো খেজুরের আমাদনিকারক একই সংকটে আছেন বলেও জানান সিরাজুল ইসলাম।
তিনি জানান, প্রতিবছর রমজানে খেজুরের চাহিদা থাকে ৫০ থেকে ৬০ মেট্রিক টন। এসব সংকটের কারণে এ বছর রমজানে আমদানি হয়েছে মোট ৪০ থেকে ৪৫ হাজার মেট্রিক টন খেজুর। ফলে রমজানের প্রথম সপ্তাহে খেজুরের বাজারে এক ধরনের সংকট হতে পারে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের ইফতারে আঙুর, আপেল বা খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শের সমালোচনা করে
এফবিসিসিআই’র এই পরিচালক বলেন, উনি শিল্পমন্ত্রী, বাণিজ্যে বা খাদ্য নিয়ে ওনার মন্তব্য করা অপ্রাসাঙ্গিক।
আমাদানিকারক বা ব্যবসায়ী সিন্ডিকেটের অভিযোগের জবাবে তিনি বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীরা করছে না। পোর্ট, কাস্টমস আর সরকারের লোকজন মিলেই সিন্ডিকেট। বাড়তি ট্যাক্স আর ওভার অ্যাসেসমেন্ট ট্যাক্স বাতিল করুক, আমরা আগের দামেই খেজুর বা আমদানি করা সব ধরনের ফল বিক্রি করব। সব দায় সরকারের, কর্তৃপক্ষের। তাদের বিরুদ্ধে এর বেশি সমালোচনা করাও যাবে না।
এদিকে কাস্টমসের অতিরিক্ত অ্যাসেসমেন্ট প্রাইস নির্ধারনের অভিযোগের বিষয়ে কথা বলার জন্য রবিবার দুপুরের পর অন্তত ২০ বার যোগাযোগ করা হয় চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফাইজুর রহমানের সঙ্গে। কিন্তু কোনোক্রমে তাকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বাংলা আউটলুককে জানান, কমিশনারসহ সবাই জরুরী বৈঠকে আছেন, পরে কথা বলবেন। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে যোগাযোগ করা হলেও মারুফুর রহমান বা কমিশনার ফাইজুর রহমানকে পাওয়া যায়নি।
