Logo
Logo
×

সারাদেশ

কেন্দ্র ফাঁকা, তবু চার ঘণ্টায় ২৬% ভোট!

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম

কেন্দ্র ফাঁকা, তবু চার ঘণ্টায় ২৬% ভোট!

সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি নগণ্য

সকাল থেকেই কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রগুলো ফাঁকা। বেলা বাড়লেও সেভাবে ভোটারদের উপস্থিতি নেই। এর মাঝে কুমিল্লায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটেছে। প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে নির্বাচন কমিশন থেকে দাবি করা হয়েছে, দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ২৬% ভোট পড়েছে।

শনিবার দুপুরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দাবি করেন, নির্বাচন কমিশনের অ্যাপে পাওয়া আংশিক তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ২৫% এবং ময়মনসিংহ সিটি নির্বাচনে ২৭% ভোট পড়েছে।

এর আগে, শনিবার সকাল ৮টায় একযোগে সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাসের মাথায় এই প্রথম বড় পরিসরে স্থানীয় সরকারের নির্বাচনে হচ্ছে। ময়মনসিংহ সিটি করপোরেশনে হচ্ছে সাধারণ নির্বাচন, আর কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচন।

সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ মিলিয়ে স্থানীয় সরকারে বিভিন্ন পর্যায়ের ২৩৩টি পদে নির্বাচন হচ্ছে আজ। এর মধ্যে জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে।

তবে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। গণমাধ্যমের প্রতিবেদনে, ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম বেলা ১২টা পর্যন্ত ২২ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দিয়েছেন। আর বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, শুরুর চার ঘণ্টায় কোথাও ৩০ শতাংশের বেশি ভোট পড়েনি।

ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল গার্লস স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, ওই সময় পর্যন্ত তার কেন্দ্রে ২১.৫২% ভোট পড়ে।

এসব নির্বাচনের মধ্যে কুমিল্লায় একটি কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে, তাতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।

অন্যদিকে, ইভিএমে আঙুলের ছাপ না মেলায় বিভিন্ন কেন্দ্রের বহু ভোটারকে ভোট না দিয়েই ফিরে যেতে দেখা গেছে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম নিয়ে ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন খোদ সদ্য সাবেক মেয়র ইকরামুল হক।

কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদের প্রার্থী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভোটারদের হুমকি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন আরেক প্রার্থী, যিনি ক্ষমতাসীন দলেরই নেতা। বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম।

দুই সিটিতেই ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রে তেমন ভোটারের দেখা মেলেনি। ভোটের শুরুতেই অনিয়মের অভিযোগ তোলেন কুমিল্লার তিন মেয়র প্রার্থী।

কুমিল্লায় ভোটকেন্দ্রের বাইরে মোড়ে মোড়ে এমপি বাহারের মেয়ে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনার কর্মীদের সরব অবস্থান দেখা গেছে। নগরীর কাপ্তান বাজার ও ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ কর্মীদের দেখা যায়। তারা এমপি বাহারের অনুসারী। যাদের প্রত্যেকের গলায় আছে বাস প্রতীকের ব্যাজ। বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন ভূতের গলি, অশোকতলা এবং কুমিল্লা হাইস্কুল কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে।

এদিন সকাল ৮টায় রিয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্ট্রাইকিং ফোর্সসহ গোটা ৩০ পুলিশ এবং আনসার সদস্য কেন্দ্র পাহারা দিচ্ছেন। সকাল ৮টার একটু আগে কেন্দ্রের সামনে হাতাহাতির ঘটনা ঘটে। এ কারণে বাড়তি পুলিশ সদস্য সেখানে হাজির হন। সকাল ৮টায় পাঁচ জন ভোটার কেন্দ্রে আসেন। সকাল ৮টার একটু পর বাস প্রতীকের ব্যাজ পরে কেন্দ্রে ঢুকে পড়ে একদল যুবক। তারা নিজেদের ভোটার বলে দাবি করেন। কেন্দ্রের বাইরে চৌধুরীপাড়ার মোড়ে মোড়ে ব্লক করে রাখতে দেখা যায় স্থানীয় ছাত্রলীগের কর্মীদের।

কুমিল্লা সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর তানিম আওয়ামী লীগের ওই ইউনিটের উপদেষ্টা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন