বান্দরবান সীমান্তে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম
মিয়ানমারের রাখাইন রাজ্যের যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া বান্দরবানের ঘুমধুম সীমান্তের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় প্রশাসনের নির্দেশে বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কম বলে জানা গেছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিলো।
খুলে দেওয়া স্কুলগুলো হলো- বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে তুমব্রু গ্রামের বাসিন্দা মাহামুদুল হাসান বলেন দীর্ঘদিন পর স্কুল খুলছে।তবে উপস্থিতি হার কম।
অভিভাবক সৈয়দ করিম বলেন আমার মেয়ে স্কুলে দিয়ে আসলাম।সে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে।
সীমান্তবর্তী ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ হোসাইন বলেন, ‘মিয়ানমার অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের কারণে সীমান্ত লাগোয়া ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অন্যান্য বিদ্যালয়ের মত আমরাও আমাদের ভাজাবনিয়া প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিচ্ছন্ন করে যথারীতি খুলেছি। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে শুরু করেছে।তাদের চোখে-মুখে আনন্দ-উচ্ছাস দেখা দিয়েছে। ছাত্র-ছাত্রীদের আনন্দঘন মূহুর্ত লক্ষ্য করা গেছে।’
তুমব্রু পশ্চিমকুল পাহাড় পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন,’ শিশু শিক্ষার্থী আবারো প্রাণের পরিবেশে ফিরে এসে উৎফুল্ল বেশ। আর যেন সংঘাত না হয়, এটাই সবার কামনা
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা সত্যতা নিশ্চিত করে বলেন
ঘুমধুম সীমান্তের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। সাময়িকভাবে বন্ধ থাকা বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুলগুলোর শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
