চাঁদা না পেয়ে শ্রমিক লীগ নেতাদের বিরুদ্ধে দোকান ভাঙার অভিযোগ
চাঁদা না পেয়ে শ্রমিক লীগ নেতাদের বিরুদ্ধে দোকান ভাঙার অভিযোগ
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
চাঁদা না পেয়ে শ্রমিক লীগ নেতাদের বিরুদ্ধে দোকান ভাঙার অভিযোগ
চাঁদা না পাওয়ায় মানিকগঞ্জের পুলিশ সুপারের নাম ভাঙিয়ে জেলা শ্রমিক-লীগের সভাপতির ভাগ্নে মো. বিলাস ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম নুবুর বিরুদ্ধে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।
এসময় অসহায় দোকানিরা জানান, চাহিদা অনুযায়ী চাঁদা চেয়ে না পাওয়ায় মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানের নাম ভাঙিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌর ট্রার্মিনাল সংলঘ্ন আমাদের ১১টি দোকান ভেঙে দেয় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারের আপন ভাঘ্নে মো. বিলাস এবং তার অনুসারি জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম নবু।
তবে অভিযোগ অস্বীকার করে মো. বিলাশ এবং নবু দাবি করেছেন, পৌরসভার কেন্দ্রীয় বাস ট্রামিনালের আশপাশে যানজট মুক্ত রাখতে এবং লোকাল যানবাহন রাখার জন্য অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকার ঘর সরিয়ে নিতে বলা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর বাস ট্রার্মিনালের পশ্চিম পাশে ভেঙে দেওয়া পৌর হকার্স মর্কেটের পরিত্যক্ত জমিতে অস্থায়ীভাবে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। এর মধ্যে ভাতের হোটেল, চায়ের দোকান, পানের দোকান, ইসলামী বইয়ের দোকান ও জুতার দোকান।
গত চারদিন আগে নবু ও বিলাসের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক ডিপ্তি, খোরশেদ, মানু, মিঠু, আরিফ, ইউসুফ, সেলিম প্রবির দাস, সুরাতিসহ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দোকান অনুযায়ী দুই থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসার অবস্থা ভাল না থাকায় তারা টাকা দিতে পারেননি বলে পুলিশের ভয় দেখিয়ে তারা নিজেরাই উপস্থিত থেকে দোকানঘর ভেঙে দেন বলে দোকানদাররা অভিযোগ করেন।
মো. বিলাস বলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার আমার মামা। তিনি বলেছেন, পুলিশ সুপারের নির্দেশ ট্রার্মিনালের আশপাশ যানজট মুক্ত রাখতে হবে, সে জন্য অস্থায়ী ভাবে গড়ে তোলা দোকান সরিয়ে ফেলতে হবে।
জাতীয় শ্রমিক লীগ মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম নবু বলেন, আমি কোনো দোকান ঘর সরিয়ে দেই নাই। তারা অবৈধভাবে ট্রার্মিনালের জায়গা দখলে নিয়ে ব্যবসা করছেন। আমি কারো কাছে কোনো টাকা চাই নাই। যদি এমন অভিযোগ থাকে তাহলে যাদের কাছে চেয়েছি তারা প্রমাণ নিয়ে থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিক।
মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার সাংবাদিকদের বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। ট্রার্মিনালের প্রবেশ পথ যানজট মুক্ত রাখতে অস্থায়ী দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপারের নাম ভাঙিয়ে দোকান সরানোর বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না বলে বিষয়টি এড়িয়ে যান।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নাম ভাঙিয়ে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
