স্ত্রীর দাবিতে ঢাবি ছাত্রের বাড়িতে শিক্ষিকা
স্ত্রীর দাবিতে ঢাবি ছাত্রের বাড়িতে শিক্ষিকা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ এএম
স্ত্রীর দাবিতে ঢাবি ছাত্রের বাড়িতে শিক্ষিকা
স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আশিকুর রহমান শুভর বাড়িতে ১৫ দিন ধরে অবস্থান করছেন এক শিক্ষিকা।
শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জ জেলা শহরে তারাপাশা এলাকার বাসিন্দা।
তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়িয়ালা গ্রামে। ঢাকার বাড্ডা এলাকার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন তিনি।
ওই শিক্ষিকা জানান, মাদরাসায় শিক্ষকতা করার সময় ফেসবুকে শুভর সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে ভালো বন্ধুত্ব গড়ে উঠে তাদের মধ্যে। পরে এক মৌলভির মাধ্যমে ২০২৩ সালের ৫ এপ্রিল বিয়ে করেন। এক সময় গর্ভে সন্তান আসলে শুভর কথায় গর্ভপাত করেন। সে সময় শুভর পড়াশোনা চলমান থাকায় তাকে আরো ৫ বছর অপেক্ষা করতে বলেন শুভ।
শিক্ষিকা বলেন, শুভর বাড়িতে এসেছি আমার অধিকার নিয়া। ওর পরিবারকে সব প্রমাণ দিয়েছি। ওরা আমাকে হুমকি দিচ্ছে, যেন এখান থেকে চলে যাই। আমি শুধু আমার অধিকারটা ফেরত চাই। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
আশিকুর রহমান শুভর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষ ও এলাকার লোকজন নিয়ে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করছি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া বলেন, ওই তরুণীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার ভাষ্যমতে ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে ঘটনা ঘটেছে। ওই তরুণী ঢাকার থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট থানা আমাদের কাছে আইনি সহযোগিতা চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
