মৃত্যুও আলাদা করতে পারেনি বন্ধুত্বকে
মৃত্যুও আলাদা করতে পারেনি বন্ধুত্বকে
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
মৃত্যুও আলাদা করতে পারেনি বন্ধুত্বকে
দুই বন্ধু মেহেদী আফনান ও আশফাকুজ্জামান জিসান। দুইজনের বাড়ি দুই উপজেলায় হলেও বিদ্যাপীঠ একই। দুইজনের স্বপ্ন ছিল ইউরোপ পাড়ি দেওয়ার। সেজন্য আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) পরীক্ষা দিয়েছিলেন। কাকতালীয়ভাবে দুইজনই পেলেন ৭ পয়েন্ট করে। এই মিল তাদের মৃত্যুতেও আলাদা করতে পারেনি। সড়ক দুর্ঘটনায় অল্প সময়ের ব্যবধানে দুইজনই পাড়ি জমান পরপারে। এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরের বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের সামনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তারা। নিহত আফনান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বড়মচাল গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল লতিফের ছেলে এবং জিসান হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় বড়াইল গ্রামের ফিরোজ আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় সড়কে দাঁড়িয়ে ছিল একটি মাইক্রোবাস। এ সময় বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। মোটরসাইকেলের গতি বেশি থাকায় তারা বাঁক নেয়ার সময় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের কাছাকাছি চলে আসেন।
এ সময় জোরে ব্রেক চাপলে মোটরসাইকেল স্লিপ করে ঘুরে পেছনের দিক মাইক্রোবাসের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা আফনান নিহত হন। গুরুতর আহত জিসানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অল্প সময়ের ব্যবধানে দুই বন্ধুর এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের পরিবার ও গ্রামের মানুষ। গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতদের স্বজনরা জানান, মেহেদী ও জিসান দুইজনেই সিলেট মদনমোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে একসঙ্গে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। সম্প্রতি আইইএলটিএস পরীক্ষা দিয়ে ৭ পয়েন্ট পান দুইজনেই। সব মিলিয়ে ইউরোপ যাওয়ার প্রস্তুতির মধ্যে এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, মরদেহ দুইটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
