বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকের হাতে খুন হন মলিনা
বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকের হাতে খুন হন মলিনা
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকের হাতে খুন হন মলিনা
নওগাঁর মান্দায় মলিনা বিবি হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রেমিক সোনাবর মৃধা। বিয়ের জন্য চাপ দেওয়ায় মলিনাকে হত্যা করেন বলে জবানবন্দি দেন তিনি।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী। এর আগে, গত বৃহস্পতিবার নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টিপু মুন্সীর আদালতে জবানবন্দি দেন সোনাবর মৃধা।
নিহত মলিনা উপজেলার মৈনম ইউনিয়নের চকদারপাড়া গ্রামের জিয়ার উদ্দিনের মেয়ে। স্বামী পরিত্যক্ত এই নারী সতিহাটে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি বাজারের একটি তুলার মিলে শ্রমিকের কাজ করতেন। গ্রেফতারকৃত সোনাবর মৃধা উপজেলার ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের মৃত অফির উদ্দিন মৃধার ছেলে।
জবানবন্দিতে সোনাবর মৃধা উল্লেখ করেন, মলিনা বিবির সঙ্গে তার প্রেম ছিল। বিয়ে করার জন্য গত বছরের ৬ জুলাই মলিনা বিবিকে মোবাইলে ডাকেন সোনাবর মৃধা। সেদিন সারাদিন তারা দুইজনে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। ওইদিন সন্ধ্যার পর সোনাবরকে বিয়ের জন্য চাপ দেন মলিনা বিবি।
এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিয়ের কথা বলে ভালাইন ইউনিয়নের আয়াপুর পাগলীতলা মণ্ডপের কাছে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন মলিনা বিবিকে। মৃত্যু নিশ্চিত করে তার মরদেহ ওই মণ্ডপের পাশে একটি ঘাসক্ষেতে ফেলে আত্মগোপন করেন সোনাবর মৃধা।
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, মলিনা বিবির মরদেহ উদ্ধারের পর থেকে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপর ছিল পুলিশ। কিন্তু আসামি সোনাবর মৃধা বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলা কোতোয়ালি থানা-পুলিশের সহায়তায় তাকে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনাবর মৃধা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
তিনি আরো বলেন, গত বছরের ৭ জুলাই পাগলীতলা মণ্ডপের পাশের একটি ঘাসক্ষেত থেকে মলিনা বিবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মান্দা থানায় হত্যা মামলা করেন মলিনার ছেলে আব্দুল মজিদ।
